
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে আগাছানাশক প্রয়োগ করে কলা বাগান নষ্ট করার অভিযোগ উঠেছে।
সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর তিনানীপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আব্দুর রউফ বাদী হয়ে ওই গ্রামের নফেল মিয়াসহ চার জনের নামে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, নফেল মিয়ার বসতবাড়ি সংলগ্ন জমিতে কলার চাষ করেছেন ডাকরাপাড়া গ্রামের কৃষক আব্দুর রউফ। কিন্তু ওই জমি নিয়ে আব্দুর রউফ ও নফেল মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল।
আব্দুর রউফের দাবী, ওই বিরোধের জেরে ২৪ মার্চ রাতে নফেল মিয়া ও তার ছেলে মজনু, ফজলুসহ কয়েকজন কলা বাগানে ঢুকে প্রায় দেড়শ কলার ছড়িতে আগাছানাশক প্রয়োগ করে। এতে করে কলার কাঁধিগুলো অপরিণত অবস্থাতেই হলুদ বর্ণ ধারণ করে নষ্ট হয়ে গেছে। এছাড়াও ২০টি কলার ছড়ি কেটে নিয়ে যায়।
কৃষক আব্দুর রউফ বলেন, আমি খুব কষ্ট করে কলার বাগানটি করেছি। নফেল মিয়ার সাথে আমার জমি নিয়ে বিরোধ থাকায় পূর্ব শত্রুতার জেরে তারাই আমার বাগানটি নষ্ট করেছে। আমি এর বিচার চাই।
অভিযোগ অস্বীকার করে নফেল মিয়ার ছেলে ফজলু মিয়া বলেন, কে বা কারা কলাবাগানে বিষ দিয়েছে আমরা জানি না। তবে জমি নিয়ে বিরোধের কথা স্বীকার করেন তিনি।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।