
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিন্টু (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ মার্চ) রাতে পৌর শহর থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। গত ১৭ ডিসেম্বর ২০২৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলায় (মামলা নম্বর-১১) ৪ নং এজহারভুক্ত থাকায় তাকে গ্রেফতার দেখানো হয়। মিজানুর রহমান মিন্টু ১৯৮৯ সালে শ্রীবরদী কলেজ শাখার ছাত্রলীগের প্যানেলের সমাজ কল্যাণ সম্পাদক ও ১৯৯১ সালে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরবর্তী সময়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন তিনি।
জানা যায়, মিজানুর রহমান মিন্টু ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু। ১৯৯৬ সালে আ’লীগের এমপি এমএ বারীকে দিয়ে প্রভাব খাটিয়ে টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি হিসেবে চাকুরি নেন। দলের প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে না গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে মাসের পর মাস বেতন উত্তোলন করতেন। বিদ্যালয়ের কেউ কিছু বললে উল্টো তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় নামে-বেনামে অভিযোগ দিয়ে হয়রানি করতেন। ঘাতক দালাল নির্মূল কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়েও প্রভাব বিস্তার করতেন তিনি। একবার চেক জালিয়াতির মামলায় জেল খেঁটেছেন।
থানা অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে বলেন, বৃহস্পতিবার তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।