
ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতি উজেলার ভারত সীমান্তবর্তী ধারাপানি এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে আনা ২শ পিস ভারতীয় শাড়ি, ৯ হাজার ৩৬০ গজ শার্টপিস ও একটি পিকআপ জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা এসব জব্দ করে। তবে এসময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলকুড়া ইউনিয়নের ধারাপানি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় টহলরত বিজিবি সদস্যরা। অভিযানকালে জনৈক আক্তার নামে এক ব্যক্তির বাড়ির পাশে থাকা খড়ের পালায় লুকিয়ে রাখা অবস্থায় ২শ পিস ভারতীয় শাড়ি, ৯ হাজার ৩৬০ গজ শার্টের কাপড় ও একটি পিকআপ জব্দ করা হয়। তবে এসময় পাচারের সাথে জড়িতরা পালিয়ে যায়।
হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িতদের সণাক্ত করতে তদন্ত চলছে। জব্দকৃত কাপড় কাস্টমস এ হস্তান্তর করা হবে।