
নালিতাবাড়ী (শেরপুর) : অবৈধভবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান চালিয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
গত বুধবার (১৬ এপ্রিল) দিনব্যাপী ভোগাই নদীর বিভিন্ন এলাকায় এ অভিযানে জড়িত একজনকে এক লাখ টাকা জরিমানা ছাড়াও শ্যালুচালিত ২০টি মিনি ড্রেজার ও অন্যান্য সরঞ্জাম অপসারণ করা হয়। দিনব্যাপী এ অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা।
প্রশাসন সূত্র জানায়, গত ৩০ চৈত্র বালু মহাল ইজারা বিলুপ্ত ঘোষণা করার পরও কখনোই ইজারা দেওয়া হয়নি এমনসব নিষিদ্ধ এলাকা থেকে বালু উত্তোলন ও পরিবহন চলছিল। এরই প্রেক্ষিতে বুধবার যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন। ভোগাই নদীর গোবিন্দনগর ছয়আনী পাড়া, চারআনী পাড়া, ভোগাইরপাড়, রাবারড্যাম ও শিমুলতলা এলাকা ছাড়াও বালু মজুদ করায় বালুয়াকান্দা বাজারে অভিযান চালানো হয়। এসময় বালু পরিবহন করতে আসা ময়মনসিংহের চুরখাই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে সাজিত (২৬) কে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও শ্যালুচালিত ২০টি মিনি ড্রেজার, ১৮টি বাঁশের মাচা ও বালু উত্তোলনে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি অপসারণ করা হয়। একইসাথে ওই নদীর বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বিষয়টি নিশ্চিত করেছেন।