
দুদু মল্লিক : দীর্ঘ ১৫ বছর পর শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে ৩টি কেবিনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বৃহস্পতিবার সকালে শাপলা, চামেলি ও জুঁই নামে তিনটি কেবিনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মফিদুল ইসলাম। এর আগে বুধবার রাতে একজন রোগী ভর্তির মাধ্যমে কেবিনের কার্যক্রম শুরু করা হয়।
২০১০ সালে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন স্থাপিত হলেও দীর্ঘ ১৫ বছর ধরে কেবিনগুলো বন্ধ ছিল। সরকারিভাবে ফি নির্ধারণ করা হয়েছে কেবিনপ্রতি প্রতিদিন ২শ টাকা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মফিদুল ইসলাম জানান, জনবল সংকট থাকার পরও আমরা এ উপজেলার রোগীর চিকিৎসা সেবার কথা ভেবে ৩টি কেবিনের কার্যক্রম চালু করেছি। খুব শীঘ্রই ডেন্টাল ইউনিটের জন্য যন্ত্রপাতি কেনা হবে এবং দাঁত উঠানো, স্ক্যালিং, ফিলিং ও ক্যাপিংসহ সকল কাজ করা হবে। পাশাপাশি অপারেশন থিয়েটার এবং সিজার অপারেশন চালুর কথাও জানান তিনি।