
নালিতাবাড়ী (শেরপুর) : কিশোরীকে জোর করে ঘরে ঢুকিয়ে যৌন হয়রাণীর চেষ্টাকালে আবু তাহের (৩২) নামে এক বিবাহিত যুবককে আটকে পুলিশে দিয়েছে জনতা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরীর বাবা দৃষ্টি প্রতিবন্ধী বেলতৈল গুচ্ছগ্রামে সরকারের দেওয়া ঘরে বসবাস করেন। মা জীবিকার তাগিদে ঢাকায় কাজ করেন। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ওই কিশোরী তার নানী বাড়ি থেকে নিজেদের ঘরে যাচ্ছিল। এসময় অভিযুক্ত আবু তাহের সরকারীভাবে প্রাপ্ত তার বোনের ঘরের সামনে থেকে ওই কিশোরীকে টান দিয়ে ঘরে ঢুকিয়ে ফেলে। এরপর দরজা আটকে ধর্ষণের উদ্দেশ্যে যৌন নীপিড়ন চালায়। এসময় কিশোরী ধস্তাধস্তি করলে প্রতিবেশি ঘরের লোকজন ছুটে এসে আবু তাহেরকে আটকে ফেলে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্তকে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর নানী করফুলি বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।