
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার : ২ একর ৬৮ শতাংশ খাস জমি উদ্ধারের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত খেলার মাঠ হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৮ এপ্রিল) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা মৌজার বালুঘাটা এলাকায় প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা দুই দলে বিভক্ত হয়ে প্রীতি ক্রিকেট ম্যাচের মাধ্যমে মাঠটির উদ্বোধন করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, কৃষি ও সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে খেলার মাঠ পেয়ে খুশি স্থানীয়রা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি জানান, কলসপাড় ইউনিয়নের বালুঘাটা মৌজায় ২.৬৮ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ওই জমিতে উন্মুক্ত খেলার মাঠ হিসেবে ঘোষণা দেওয়া হয়।