
শরণখোলা (বাগেরহাট) : বঙ্গোপসাগরে ১৪এপ্রিল মধ্যরাত থেকে শুরু হয়েছে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা এবং তা বিদ্যমান থাকবে ১১ জুন পর্যন্ত। অন্য বছর ৬৫ দিন থাকলেও বিভিন্ন দিক বিবেচনা করে ৭ দিন কমিয়ে আনা হয়েছে।
জানা গেছে, মৎস্য ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু করার দাবি করে আসছিলেন। সেই সঙ্গে ৬৫ দিন নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে কি না, তা বিবেচনা করার অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ সময়সীমা পুনর্বিন্যাস করে ১৬ মার্চ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ খবরে বঙ্গোপসাগরসহ বিভিন্ন নদ নদীতে কর্মরত জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে যথেষ্ট পরিমাণে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে শরণখোলা উপজেলা মৎস আড়ৎদার সমিতি সাধারণ সম্পাদক মুজিবর হাওলাদার বলেন, আগে সরকার যে উদ্দেশে এই নিষেধাজ্ঞা দিত, তা দুই দেশের সঙ্গে সামঞ্জস্য না থাকায় প্রতিবেশী ভারত বাংলাদেশের জল সীমানায় প্রবেশ করে গায়ের জোরে মাছ ধরে নিয়ে যেত। সেখান থেকে আমরা এখন পরিত্রাণ পেলাম। আর এতে সমুদ্রে মাছ যেমন বাড়বে, জেলেরা মাছ বেশি পাবে, সরকারের আয় বেশি বাড়বে।
মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশ সরকার বছরের নির্দিষ্ট একটি সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়। প্রতিবছর বাংলাদেশের জলসীমায় এই নিষেধাজ্ঞা থাকে ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন। আর ভারতের জলসীমায় তা থাকে ১৫ এপ্রিল থেকে ১৪ জুন, ৬১ দিন।
এ ব্যাপারে শরণখোলার জেলে মনির হাওলাদার বলেন, শরণখোলায় ৬ হাজার ৭০০ জেলা পরিবার রয়েছে কিন্তু এখন পর্যন্ত ৫৮ দিনের নিষেধাজ্ঞার সময় সরকারি কোন সহায়তার আশ্বাস তারা পায়নি।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা অঞ্জন সরকার বলেন, সরকার থেকে এখন পর্যন্ত তারা জেলা সহায়তার বরাদ্দের কোন নির্দেশনা পায়নি। গত বছর ৩হাজার ৭৫ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছিল।
বঙ্গোপসাগর সাগরে কর্মরত জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, মা ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, মার্চ-এপ্রিলের দুই মাসের অভয়ারণ্যের নিষেধাজ্ঞা এবং সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা— সব মিলিয়ে বছরে ১৪৭ দিনের নিষেধাজ্ঞা পালন করতে হতো। কিন্তু এখন ৭ দিন কমিয়ে ১৩৯ দিন নিষেধাজ্ঞা থাকবে।
শরণখোলা উপজেলা ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, ইতিমধ্যে সাগরে অবস্থান রত ট্রলার উপকূলীয় এলাকাসহ মৎস্য আড়তে ফিরে এসেছে।