
সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জ উপজেলায় মসজিদের জমি দখল এবং কবরস্থানের জমি বিক্রির অভিযোগে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও মধ্যপাড়া এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় শিক্ষক, মসজিদ কমিটির সদস্য এবং সচেতন এলাকাবাসী।
বক্তারা অভিযোগ করেন, স্থানীয় ইউসুফ আলী ও আবদুল জলিল নামের দুই ব্যক্তি বীরগাঁও মধ্যপাড়া জামে মসজিদের ওয়াক্ফকৃত জমি দখল করে সেখানে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করেছেন। দীর্ঘদিন ধরে বারবার অনুরোধ করা হলেও তারা জমি দখলমুক্ত করেননি।
এছাড়া, মসজিদের সংলগ্ন কবরস্থানের জন্য দানকৃত জমি নিজ স্বার্থে বিক্রি করে দিয়েছেন একই এলাকার আবদুল জলিল, যা স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, মাওলানা ছাইদুর রহমান, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং কোষাধ্যক্ষ বেলাল হোসেন।
তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, ধর্মীয় স্থানের জমি দখল ও কবরস্থানের জায়গা বিক্রির মতো স্পর্শকাতর বিষয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ জরুরি।
এলাকাবাসী দাবি করেন, ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রেখে প্রশাসনের উচিত মসজিদের জমি উদ্ধার এবং কবরস্থানের জমি বিক্রির ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা।