
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া এলাকার এক কলেজ শিক্ষার্থীকে মোবাইল ফোনে অশ্লীল মেসেজ দিয়ে উত্যক্ত করায় রবিন মিয়া (২২) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে দণ্ডপ্রাপ্ত রবিনকে শ্রীবরদী থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে উত্যক্তের শিকার ওই কলেজ ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে এই আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। রবিন উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মেঘাদল গ্রামের নুর আলম মিয়ার ছেলে।
জানা যায়, কর্ণঝোড়া এলাকার ওই শিক্ষার্থী ময়মনসিংহ শহরের একটি কলেজে পড়াশোনা করে। দীর্ঘদিন থেকে তাকে রবিন মিয়া মোবাইল ফোনে অশ্লীল মেসেজ দিয়ে উত্যক্ত করে আসছিল। ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে রবিনকে নিষেধ করা সত্বেও সে কোনভাবেই থামছিল না। একপর্যায়ে বাধ্য হয়ে ভুক্তভোগীর পরিবার প্রশাসনের দ্বারস্থ হয়।