
গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। মৃত্যু হয়েছে অর্ধলক্ষাধিক মানুষের। ত্রাণ প্রবেশ করতে না দেয়ায় তীব্র খাদ্য সংকটে ভুগছে গাজাবাসী। শঙ্কা রয়েছে বিভিন্ন রোগ-বালাইয়ের। এমন পরিস্থিতিতে পোলিও টিকাদান অভিযান স্থগিত হওয়ায় বিপর্যয়ের মধ্যে পড়ার শঙ্কা রয়েছে উপত্যকাজুড়ে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল দেকরান বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন। বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
পোলিও অভিযান স্থগিত করার ‘প্রকৃত বিপর্যয়ের’ জন্য সতর্ক করেছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘পোলিও ভ্যাকসিন অবিলম্বে সকল শিশুর কাছে না পৌঁছালে আমরা একটি সত্যিকারের বিপর্যয় আশা করছি।’
খলিল দেকরান আরও বলেন, ‘শিশু ও রোগীদের রাজনৈতিক ব্ল্যাকমেইলের কার্ড হিসাবে ব্যবহার করা উচিত নয়। গত ২মার্চ ইসরায়েলের আরোপিত অবরোধ গাজায় ভ্যাকসিনসহ সমস্ত চিকিৎসা সরবরাহের প্রবেশে বাধা দিয়েছে এবং প্রায় ৬ লাখ ২ হাজার শিশুকে স্থায়ী পক্ষাঘাত এবং দীর্ঘস্থায়ী অক্ষমতার ঝুঁকিতে ফেলেছে।’
গত বছর গাজায় ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো পুনরায় আবির্ভূত হয়েছিল পোলিও। একটি ১০ মাস বয়সী শিশু আক্রান্ত হয়েছিল এই রোগটিতে। তারপর থেকে, জাতিসংঘ, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থাগুলো গত বছরের সেপ্টেম্বর, অক্টোবরে এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন দফা টিকাদান করেছে।