1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

১০ লাখ টাকায় পুলিশে চাকরি দেওয়ার চুক্তি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দিতে ১০ লাখ টাকার চুক্তি করেন প্রার্থীর সঙ্গে। চুক্তি শুধু মৌখিক নয়, ১০ লাখ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া সংক্রান্ত লিখিত চুক্তিনামা সংরক্ষণ করে রাখেন আব্দুল মতিন (৫৩) নামে এক প্রতারক। তার বাসা থেকে এই চুক্তিনামাসহ কয়েকটি ব্যাংকের চেক উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে আব্দুল মতিন নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফারজানা হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আব্দুল মতিন নওগাঁ সদর উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চলমান দেশব্যাপী কার্যক্রমকে পুঁজি করে একটি দালালচক্র প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গতকাল রাতে শহরের পৌরসভা এলাকায় অভিযান চালায়। অভিযানে আব্দুল মতিন নামে এক প্রতারক এক কনস্টেবল চাকরি প্রার্থীর অভিভাবকের সঙ্গে মোটা অঙ্কের অর্থের একটি চুক্তি করে। পরে চুক্তির অর্থ লেনদেন চলাকালে গোয়েন্দা বাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, পরবর্তীতে তার বাসায় অভিযান চালিয়ে একই ধরনের আরও একটি চুক্তিপত্র উদ্ধার করা হয়। যেখানে ভিকটিমের সঙ্গে প্রতারকের ১০ লাখ টাকার বিনিময়ে পুলিশে নিয়োগ সংক্রান্ত চুক্তিনামা সম্পাদিত হয়েছে। প্রতারকের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে নওগাঁ গোয়েন্দা পুলিশে পরিদর্শক (ওসি ডিবি) আব্দুল মান্নানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com