
সাইফুল ইসলাম জুয়েল, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীর বিলুপ্ত তাওয়াকোচা বালুমহালে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গত রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল। অভিযানে বালু উত্তোলনের জন্য স্থাপিত প্রায় ৬০টি মাচা, শ্যালুচালিত ৫টি মিনি ড্রেজার এবং বিপুল সংখ্যক পাইপ অপসারণ করা হয়।
প্রশাসন জানায়, তাওয়াকোচা বালুমহাল বিলুপ্ত ঘোষণার পরও কিছু অসাধু ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করে আসছিল। এ ধরণের অবৈধ কার্যক্রম জনস্বার্থের জন্য হুমকিস্বরূপ এবং পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এমতাবস্থায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালানো হয়।
জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল।