
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : সীমান্তবর্তী শেরপুরের শ্রীবরদীর গারোপাহাড় এলাকায় সরকারি সংরক্ষিত বনভূমি দখল করে অবৈধভাবে সবজি বাগান গড়ে তুলায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন বন বিভাগ।
সোমবার (২৮ এপ্রিল) দিনভর ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জের মালাকোচা ও কর্ণঝোড়া বিটের আওতাধীন প্রায় ৩০ একর সংরক্ষিত বনভূমিতে চাষকৃত প্রায় ৩৫টি অবৈধ সবজি বাগান উচ্ছেদ করা হয়।
ময়মনসিংহ বন বিভাগের সহকারি বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন ও বালিজুরী রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, বালিজুরী রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনভূমিতে বন্যহাতির নিরাপদ বিচরণ, খাদ্য ও আবাসস্থল পরিষ্কার করতে দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আনুমানিক ৩০ একর সংরক্ষিত বনভূমিতে চাষকৃত ৩৫টি অবৈধ সবজি বাগান সম্পূর্ণভাবে কাটা হয়েছে।
এছাড়াও বন্যহাতি চলাচলের জায়গা থেকে জিআই তার কেটে জেনারেটর ভেঙে ফেলা হয়েছে।
তিনি বলেন, ইতিপূর্বেও অবৈধ দখলকারীদের বন বিভাগের পক্ষ থেকে বারবার নিষেধ ও মাইকিং করা হলেও তারা কোনভাবেই মানছিল না। পরবর্তীতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এ উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করি। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।
ময়মনসিংহ বন বিভাগের সহকারি বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন বলেন, বালিজুরী রেঞ্জের সবকয়টি বিটে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। সংরক্ষিত হাতি চলাচলে বাধা কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। বনভূমি কাউকে দখল করে সবজি বাগান করতে দেওয়া হবে না।
এসময় রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ, তাওয়াকোচা বিট কর্মকর্তা ইফাজ মোরশেদ, সমশ্চুরা বিট কর্মকর্তা কাউসার হোসেন, কর্ণঝোড়া বিট কর্মকর্তা রফিকুল ইসলাম, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী ছাড়াও বালিজুরী রেঞ্জের অন্যান্য স্টাফ, ইআরটি প্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি ও বাগান উপকারভোগীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।