
ঝিনাইগাতি (শেরপুর) : বিশেষ ক্ষমতা আইনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক বিশ্বজিৎ রায়কে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার (২৮ এপ্রিল) সকালে শেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে রোববার বিকেলে শেরপুর পৌরসভার নবীনগর এলাকার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে ঝিনাইগাতী থানা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা সোমবার বিকেলে গণমাধ্যমকে জানান, জননিরাপত্তা ও জনশৃঙ্খলাবিরোধী ক্ষতিকর কার্যকলাপ হতে নিবৃত্ত রাখার নিমিত্তে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে তাকে আটকাদেশ প্রদান করা হয়েছে। এরপর সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারগারে পাঠানো হয়।
এর আগে জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম রোববার জানান, গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শেরপুর শহরে তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় সদর থানায় যেসব মামলা হয়েছিল, বিশ্বজিৎ সেসব মামলার এজাহারনামীয় আসামি নন। স্থানীয়ভাবে ঝিনাইগাতী থানায় করা একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন। তবে কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিশ্বজিৎ রায়কে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, বিশ্বজিৎ রায় অতিসম্প্রতি তার ফেসবুকে আওয়ামী লীগ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবং সেনা প্রধানের একটি বক্তব্যের বিষয়ে কয়েকটি পোস্ট দিয়েছিলেন।