
ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী বড় গজনী এলাকা থেকে ভারতীয় ৫৭০ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোররাতে বড় গজনী এলাকায় অভিযান চালিয়ে ওইসব মদ উদ্ধার করা হলেও মাদক চোরাকারবারী কাউকে আটক করা যায়নি।
পুলিশ জানায়, বড় গজনী এলাকার সোলার ফেন্সিং কন্ট্রোল রুম সংলগ্ন সুবিনাথ সাংমার বাড়ির কাছে মদ পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় ভারতীয় সাতটি ব্র্যান্ডের ৫৭০ বোতল মদ জব্দ করা হয়। তবে অভিযানকালে মাদক চোরাকারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে- রয়েল স্টেগ, রয়েল গ্রিণ, ওল্ড মংক, সিগনেচার, ব্লেন্ডার প্রাইড, আইকনিক হোয়াইট, ম্যাজিক মোমেন্ট ইত্যাদি। এসবের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।