
নকলা (শেরপুর) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় গুলিতে নিহত গার্মেন্টস শ্রমিক আব্দুল আজিজের (২৬) মরদেহ প্রায় ৮ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী গ্রামে পারিবারিক কবরস্থান থেকে ওই মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য আজিজের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজিজ ওই গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, ঢাকার উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আরিফুল কায়ছার ও আজিজের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নকলা উপজেলার চরবসন্তী গ্রামের আব্দুল আজিজ জীবিকার তাগিদে ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করত। গত বছরের ৫ আগস্ট দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানা এলাকায় গুলিবিদ্ধ হন আজিজ। পরে সহকর্মী নাজিমের সহযোগিতায় তাকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট আজিজ মারা যান। পরদিন তাকে নকলায় নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় আজিজের মা বাদী হয়ে ঢাকার উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।