1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চব্বিশ পরগনায় ৫ মাসে ৫০০ বিবাহিত নারী নিখোঁজ, নেপথ্যে ফেসবুক-টিকটক!

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জুন, ২০২৫
এক্সক্লুসিভ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমা যেন ধীরে ধীরে রহস্যময় এক সামাজিক ধাঁধায় পরিণত হচ্ছে। গত পাঁচ মাসে এক অভাবনীয় ঘটনাক্রমে প্রায় ৫০০ বিবাহিত নারী নিখোঁজ হয়েছেন বলে পুলিশ সূত্র। সাম্প্রতিক সময়ে এই ঘটনা দেশটির সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‘গৃহবধূরাও কি আজকাল সংসার ছাড়ছেন স্বেচ্ছায়?’—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বারাসাতবাসীর মুখে মুখে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত, নিখোঁজ হয়েছেন মোট ৫৩৬ জন তরুণী, যার মধ্যে প্রায় ৯০ শতাংশই বিবাহিত। দীর্ঘদিন ধরে গৃহবধূদের নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এলেও, সম্প্রতি একাধিক স্থানীয় ফেসবুক পেইজে এই নিয়ে পোস্ট ঘুরতে শুরু করে। সেইসব পোস্টে বলা হয়েছে, সমাজের তথাকথিত ‘স্থিতিশীল’ পরিবার থেকেও নারীরা সংসার ফেলে অন্য জীবন বেছে নিচ্ছেন।

যানা গেছে, কারও প্রেম পরিণত হয়েছে বাড়ি ফেলে পালানোয়, কেউ আবার মোবাইল ফোনে গড়ে ওঠা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

কেউ পালিয়েছেন বাইক থাকা যুবকের হাত ধরে, আবার কেউ স্বামীরই ব্যবসায়ী বন্ধুর সঙ্গে। পুলিশের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই সাইবার প্ল্যাটফর্মে আলাপ হওয়া পুরুষদের সঙ্গেই পালিয়ে যাচ্ছেন নারীরা। অনেক ক্ষেত্রে সন্তান রেখেই ঘর ছেড়ে চলে গেছেন তারা। সন্তান ও পরিবারের প্রতি কোনও দায়বদ্ধতা না থাকায়, তা সমাজে বড় ধরনের প্রভাব ফেলছে বলে মত সমাজতাত্ত্বিকদের।

তবে আশ্চর্যের বিষয়, পুলিশের হদিস পাওয়ার পর অনেকেই স্পষ্ট জানিয়ে দিচ্ছেন—“আমরা প্রাপ্তবয়স্ক, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে।” ঘটনার ভয়াবহতা এতটাই যে, বারাসত পুলিশ জেলার প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে এবং বিশেষ নজরদারি চালানো হচ্ছে। অনেক স্বামী আবার সমাজে লোকলজ্জার ভয়ে পুলিশের কাছে অনুরোধ করছেন যাতে পরিচয় গোপন রাখা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে—এটা কি টাকার মোহ, না কি দীর্ঘদিনের দাম্পত্য বিষণ্ণতার ফল? মোবাইল আর সোশ্যাল মিডিয়া কি নিঃসঙ্গ গৃহবধূদের জন্য হয়ে উঠেছে নতুন পালাবার পথ? বারাসাতের এই রহস্যজনক ‘গৃহবধূ নিখোঁজ’ ট্রেন্ড ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল। বিশেষ করে দেগঙ্গার এক জনপ্রিয় পেজে বিষয়টি শেয়ার হওয়ার পর থেকে তা ঘুরে বেড়াচ্ছে নানান ফেসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপ চ্যাটে।

পুলিশ ও সমাজবিদরা একমত—এটা শুধু নিখোঁজ হওয়ার ঘটনা নয়, এটা এক বড় সামাজিক সংকেত, যা নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে।

সূত্র : আজকাল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com