
– মনিরুল ইসলাম মনির –
সরকার ও রাজনৈতিক পালাবদলে সঙ্গতকারণেই দেশের পরিবেশ-পরিস্থিতি সবকিছুই কিছুটা পাল্টাতো। এ অভিজ্ঞতা আমার আশির দশক থেকেই। তবে আমূল একটা পরিবর্তন এসেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। দিন বদলের কথা বলে প্রথমেই শুরু হয়েছিল নাম বদল। প্রথম পাঁচটি বছর অন্যান্য কাজের সাথে নাম বদল ছিল ওই সরকারের একটি উল্লেখযোগ্য তীব্র সমালোচিত বৈশিষ্ট্য। এরপর ভোটের নামে প্রহসন করা হলো পুরো জাতির সাথে। এভাবে তিনটি প্রহসনের নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশব্যাপী উন্নয়নের নামে লুটপাটও হয়েছে সমহারে। উন্নয়ন হয়েছে নিঃসন্দেহে। তবে লুটপাটের চিত্রও ছিল ভয়াবহ। ছিল অলিখিত বাকশাল। সমালোচনা বা প্রতিবাদ করলেই গুম, খুন, মিথ্যা মামলা এমনকি নানা ধরণের হয়রাণী।
পক্ষান্তরে, সাফাই গেলে সমাদৃতও হওয়া গেছে। বিষয়টি এমন যে, বিরোধীতা করলে আঘাত, পক্ষ নিলে ফুল দিয়ে বরণ। মিডিয়া থেকে প্রশাসন। সবকিছু তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ। ফলে সব স্থানে সবসময় সবকিছু ছাপিয়ে পুষ্পমনজুরি ফুটেছে। প্রশাসন থেকে আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, সবখানে এমনভাবে গত সাড়ে পনেরো বছরে দাসত্ব শিকলে বেঁধে দেওয়া হয়েছে- দল বদলায়, সরকার বদলায়, কিন্তু অভ্যাস বদলায় না। কোথাও অভ্যাস বদলায়নি। পুরো রাষ্ট্রযন্ত্র এখনো নষ্টই রয়ে গেছে। ২৪ এর গণঅভ্যুত্থান যে লক্ষ্যে দানা বেঁধেছিল তা আজ ম্লান হয়ে আসছে। ফিঁকে হয়ে আসছে। প্রায় সাড়ে পনেরো বছরের জগদ্দল পাথর সরিয়ে মানুষ নতুন দিনের স্বপ্ন দেখতেই ৫ আগস্টকে নতুন স্বাধীনতা ভেবেছিল। কিন্তু তার ছিটেফোঁটাও মানুষ পাচ্ছে না। এখনো আইন চোখে দেখতে পারে না। সরকার কাজ করছে না। প্রশাসন নীরবে সময় পার করছে। তবে পকেট ভারী করতে ভুলছে না। বরং অপরাধকে অনেক ক্ষেত্রে উৎসাহিত করছে অর্থের বিনিময়ে। যেন আমরা আরও গভীরতম সংকটের দিকে। যে স্বপ্ন নিয়ে আওয়ামী লীগ বিতারিত করা হলো, সে স্বপ্ন বাস্তবায়নের ধারেকাছেও কেউ নেই। যেন সংশ্লিষ্ট সবাই যার যার আখের গুছানো নিয়ে ব্যস্ত। অনেকে তো এই ভেবে বসেছেন, আওয়ামী লীগ সাড়ে পনেরো বছরে যা করেছে আমাকে সাড়ে পনেরো মাসে তা করতে হবে। এ জন্য বাছ-বিচারও চলছে না। যে যা ইচেছ করে যাচ্ছে। প্রকাশ্যে পাথর ছুঁড়ে মানুষ হত্যা করছে, প্রকাশে পুলিশের সামনে সাংবাদিক কুপিয়ে মারছে। যেন কারও কোন দায় নেই! আফসোস, পশুত্বের কোন পর্যায়ে নেমেছি আমরা!
স্পষ্ট কথা আমার। এ ব্যর্থতা আইনশৃঙ্খলা বাহিনীর। এ ব্যর্থতা রাষ্ট্রের। এর দায় সরকারের। অঘটন ঘটার পর মামলা আর গ্রেফতার দিয়ে এসব বন্ধ করা যায় না, দমন করা যায় না। রাষ্ট্রকে কঠোর হতে হবে, আইনশৃঙ্খলায় নিয়োজিতদের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে এবং প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে ন্যায়সঙ্গত হতে হবে। যদি এসব পরিচালনায় ব্যর্থতার দায় নিতে না চান, প্রতিকারে সফল হওয়ার হিম্মত না রাখেন, তবে সরে যাওয়াই সম্মানের। আমরা সুন্দর সুন্দর কথা বলা এনজিওগ্রাম মার্কা অথর্ব রাষ্ট্র দেখতে চাই না। ২৪ এর গণঅভ্যুত্থানের প্রকৃত স্বাদ নিতে চাই। না পারলে দ্রুত চলে যান।
সারাদেশে এক অস্থিরতা, অনিশ্চয়তা আজ স্পষ্ট। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, যারা গেছে আর যারা আসতে চায় সবাই যেন নিজেদের নিয়ে ব্যস্ত। রাষ্ট্র এবং জনগণ নিয়ে তাদের দায়বতদ্ধতা নেই। সুতরাং, যতো দ্রুত এ সময়ের পরিবর্তন হবে আমরা ততোই দীর্ঘশ^াস ছেড়ে বাঁচার চেষ্টা করব। পরিবর্তনটা করতে হবে একেবারেই আমূল। দেশে অচল মূদ্রার ব্যবহার কমিয়ে আনতে হবে। ভাবতে হবে নতুন করে। গতানুগতিক ধারায় ভাবলে ফলাফল শুণ্য নয় শুধু হীতে বিপরীত হতে পারে।
– গণমাধ্যমকর্মী