
– ড. ইসলাম শফিক –
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে প্রত্যাবর্তন করেছেন। বেলা পৌনে ১২টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সমাপ্ত করে রাজধানীর তিনশ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনায় যোগ দেয়ার জন্য রওনা হন। বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলের যাত্রাপথের দু’পাশ মুখরিত ছিলো লাখো লাখো নেতাকর্মীদের শুভেচ্ছাধ্বনিতে। বুলেটপ্রুফ মিনিবাসে সম্মুখভাগে দাঁড়িয়ে পুরো পথে তিনি প্রতীক্ষারত নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন ও শুভেচ্ছা জানান। মানুষের আগ্রহ উন্মাদনা ও কড়া নিরাপত্তা বেষ্টনীতে ধীরগতিতে গাড়ীবহর চলার কারণে বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলের সাত কিলোমিটার পথ পৌঁছাতে সময় লাগে প্রায় সাড়ে তিন ঘণ্টা। সংবর্ধনাস্থলে পৌঁছে মঞ্চে উঠে হাতনেড়ে জনমানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। মঞ্চে স্থাপিত অতিথি চেয়ারে আসন গ্রহণ না করে সাধারণ মানের একটি চেয়ার প্রতিস্থাপন করে তাতে তিনি উপবেশন করেন। ‘বড় নেতার বড় চেয়ার’ প্রথাবদ্ধ এই চর্চা থেকে মুক্ত হতে তিনি স্বয়ং প্রমাণ করলেন নিজেকে। অতি সাধারণ, অতি ছোট্ট কিন্তু ইতিবাচক ব্যতিক্রম এই কাণ্ড দেখে দেশবাসী বিমোহিত হয়েছে! অতঃপর উপস্থিত লাখো লাখো নেতাকর্মী ও সারাদেশের জনমানুষের উদ্দেশে এক গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন। ভাষণটির ব্যাপ্তিকাল ছিল মাত্র ১৬ মিনিট।বিকাল ৩.৫৭ মিনিটে তিনি মাইক্রোফোনের সামনে আসেন এবং ভাষণের ইতি টানেন বিকাল ৪.১৩ মিনিটে। বক্তৃতাকালে তাঁর সম্মুখ ডায়াসে লিখিত কোনো স্ক্রিপ্ট ছিলো না, ছিলো না কোনো ইলেকট্রনিক ডিভাইস বা অটোকিউ। বিশাল জনসমুদ্রের সামনে লিখিত পাণ্ডুলিপি ব্যতীত শুধুমাত্র তাৎক্ষণিকভাবে উপস্থিত চিন্তাপ্রসূত বিষয়গুলো ধীরস্থির আবেগ ও বিনীত কণ্ঠস্বরে মহাকাব্যিক বিস্তারে তিনি উপস্থাপন করেছেন।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রদত্ত ভাষণটি সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক ভাষ্যধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হতে পারে! দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তাঁর বক্তব্যে প্রতিশোধমূলক বা উসকানিমূলক ভাষার পরিবর্তে যে সংযত, শান্ত ও ঐক্যনির্ভর সুর প্রতিফলিত হয়েছে, তা এক গভীর রাজনৈতিকভাবে পরিণত বোধেরই ইঙ্গিত দেয়। ভাষণের শুরু থেকেই তিনি স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা, ইতিহাসচেতনা ও আত্মপরিচয়ের বোধকে সামনে এনে ব্যক্তিকেন্দ্রিক আবেগকে সমষ্টিগত জাতীয় আবেগে রূপ দেওয়ার চেষ্টা করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অবদান, ১৯৭৫ সালের বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের গণজোয়ারের ভূমিকা ও ২০২৪ সালের তরুণদের নেতৃত্বে গণঅভ্যুত্থান- এসব ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতা তুলে ধরে তিনি গণতন্ত্র ও সার্বভৌমত্বকে একটি চলমান সংগ্রাম হিসেবে ব্যাখ্যা করেছেন, যা বক্তব্যকে দার্শনিক ভিত্তি দিয়েছে।
ভাষণের একটি গুরুত্বপূর্ণ দিক হলো বিদ্বেষহীনতা ও সহনশীলতার বার্তা। তিনি বারবার শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে জোর দিয়েছেন। ধর্ম, জাতিসত্তা, লিঙ্গ ও শ্রেণিভেদ অতিক্রম করে একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন উপস্থাপন করার মাধ্যমে তিনি অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের রাজনীতির কথাই সামনে এনেছেন। বিশেষ করে নারী, তরুণ, শিশু, প্রতিবন্ধী ও কৃষক-শ্রমিকদের বিষয়টি উল্লেখ তাঁর বক্তব্যকে সামাজিক সংবেদনশীলতা ও জনমুখী চরিত্র দিয়েছে। তিনি বক্তব্যে বলেন- “আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই, সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা- যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যে-ই হোক না কেন- নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে।”
“আগামীদিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাঁরা আসবেন আমরা সকলে নবী করীম (সা.) ন্যায়পরায়ণতার আলোকে দেশপরিচালনা করবো’’- এরূপ আশাবাদ ব্যক্ত করেন। তারেক রহমান তাঁর ভাষণে বলেছেন, এই দেশের মাটিতে মিশে আছে শহিদের রক্ত, নিপীড়িত মানুষের দীর্ঘশ্বাস আর আগামীর স্বপ্ন। মহান একাত্তরের সূর্যসন্তানদের আত্মত্যাগ, ২৪-এর আন্দোলনে তরুণদের বুকের রক্ত, শহিদ ওসমান হাদিসহ বিগত স্বৈরাচারের সময় বিভিন্ন সময়ে খুন-গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ শোধ করতে হবে। এই দায় পরিশোধের একমাত্র পথ হলো একটি অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধ গণশক্তির মাধ্যমেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তারেক রহমান তাঁর ভাষণে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ও অভিপ্রায় পরিষ্কার করেছেন। তিনি “I have a plan” উক্তিটি ব্যবহার করে মার্টিন লুথার কিং জুনিয়রের “I have a dream” বক্তৃতার রূপকের মাধ্যমে একটি রাজনৈতিক দর্শন উপস্থাপন করেছেন, যা তাঁর পরিকল্পনানীতি ও ভবিষ্যৎ কর্মসূচির ওপর গুরুত্ব দেয়। একই সঙ্গে বক্তব্যটি দৃঢ়চেতা ও রাজনৈতিকভাবে কৌশলগত। “আই হ্যাভ অ্যা প্লান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি”- বক্তব্যের মাধ্যমে তিনি ভবিষ্যৎ রাজনীতির একটি পরিকল্পনাভিত্তিক রূপরেখার ইঙ্গিত দেন, যদিও সেই পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশিত নয়। এই অংশটি রাজনৈতিকভাবে আশাবাদী সমর্থকদের জন্য অনুপ্রেরণা তৈরি করেছে, আবার সমালোচকদের জন্য বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্নও উন্মুক্ত রেখেছে! তিনি কোনো স্বপ্ন নয়, একটি পরিকল্পিত পরিকল্পনার কথা জানিয়েছেন। স্বদেশ প্রত্যাবর্তন ভাষণ তাঁর জীবনের ব্যক্তিগত দুঃখ-বেদনা ও রাজনৈতিক সরলীকরণকে ছাপিয়ে ভিন্নতর এক নান্দনিক উচ্চতায় রূপান্তরিত হয়েছে। ভাষণের প্রতিটি শব্দচয়ন ও বাক্যগঠনে তিনি ছিলেন অত্যন্ত সচেতন। তিনি শুধু সমাবেশস্থলে উপস্থিত দলীয়কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেননি, তিনি বক্তৃতায় সারাদেশের সর্বসাধারণের উদ্দেশ্যে কথা বলেছেন। ভাষণে আমিত্ব বা পরিবারতন্ত্রকে ঠাঁই দেননি, কারো নামে স্তুতি করেননি, করেননি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ, কারো বিরুদ্ধে কোনো নিন্দা, করেননি কোনো গালমন্দ বা জিঘাংসামূলক উচ্চারণ। যার ফলে এই ভাষণকে বলা যায় রাজনৈতিক মহৎপ্রাণের দার্শনিক কথামালার একটি স্বতন্ত্র চিন্তারূপ!
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ক্রস-রোডে দাঁড়িয়ে থাকা ঘটনা হিসেবে আখ্যা পাবে এই ভাষণ। তাঁর বক্তব্যের প্রতিফলন ও প্রভাব রাজনীতির বিভিন্ন স্তরে ইতিবাচক ও নানামুখী প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং আগামীদিনের নির্বাচন, দলীয় রাজনীতি ও গণতান্ত্রিক সংস্কৃতির ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব পরিলক্ষিত হবে। তারেক রহমানের প্রত্যাবর্তন ভাষণটি উত্তেজনাপূর্ণ নয়, বরং ঐক্য, সহাবস্থান ও দায়িত্বশীল রাজনীতির বার্তা বহন করে। যা বাংলাদেশের রাজনৈতিক পরিসরে একটি পরিণত ও শালীন বক্তব্যের উদাহরণ হিসেবে আলোচনা পর্যালোচনার দাবি রাখে। সরকার রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রের বিদ্যার্থী ও গবেষকগণ একাডেমিক অধ্যয়ন ও গবেষণায় বহু তথ্য-উপাত্তের সন্ধান পাবেন তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ভাষণে।
লেখক: শিক্ষক, গবেষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব