
ঢাকা: করোনার আগে দেশে এসে আটকে পড়া ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ২৪৬ জনকে নিয়ে ফ্রান্সের প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
বুধবার (২৪ জুন) সকাল ১১টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ এই ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, যাত্রীরা ফ্রান্সের রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশি। করোনার আগে দেশে এসে আটকা পড়েন তারা। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্রান্স ফেরার আবেদন করে। মন্ত্রণালয়ের দেওয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।