1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ঢাকা: ঢাকা-১৩ সংসদীয় আসনে সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজার থেকে এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, মার্কেট কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও দাবির কথা শোনেন। পরে আগারগাঁও নতুন রাস্তা এবং শেরেবাংলা নগর থানার সামনের নগর বস্তি এলাকার সড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।

বিএনপি বাজার পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, একটি বাজারকে কেন্দ্র করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থ পরস্পরের সঙ্গে জড়িত। বাজার কমিটির তথ্য অনুযায়ী, এখানে প্রায় ৪৯১টি দোকান রয়েছে এবং ৯০০-এর বেশি ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সদস্যের স্বার্থ জড়িত। অথচ বাজারের আশপাশের ফুটপাত ও সড়কে অবৈধভাবে দোকান বসায় বাজারের স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ ব্যাহত হচ্ছে। এতে একদিকে বাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে পথচারী ও স্থানীয় বাসিন্দারাও চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছেন।

তিনি বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা শুধু যানজট নিরসনের বিষয় নয়, এটি নাগরিক নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পৃক্ত। সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল হয়ে থাকলে সাধারণ মানুষের চলাচল যেমন বাধাগ্রস্ত হয়, তেমনি অপরাধীদের দ্রুত পালিয়ে যাওয়ার সুযোগও তৈরি হয়। সাম্প্রতিক সময়ে একটি নিষিদ্ধ গোষ্ঠীর সন্ত্রাসী ও নাশকতামূলক তৎপরতা মোকাবিলায় জননিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

বাজার কমিটির সঙ্গে আলোচনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন ও প্রশাসনের সহযোগিতায় ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বাজার কমিটিকেও নিজস্ব জায়গা ও ব্যবস্থাপনার আওতায় ব্যবসায়ীদের জন্য বিকল্প সুযোগ তৈরিতে সহযোগিতা করতে হবে। যাঁরা ফুটপাতে ব্যবসা করছেন, তাঁদের বিষয়টিও মানবিক ও বাস্তবসম্মতভাবে বিবেচনায় নিয়ে একটি সমন্বিত সমাধান বের করতে হবে। বাজার কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে নিয়মিত তদারকির দায়িত্ব নিতে হবে, যাতে পুনরায় ফুটপাত দখল না হয়।

রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হতে পারে না। কোনো ব্যক্তি বিএনপি, এনডিএম কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে তাঁকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের কোনো অভিযোগ বা তথ্য পাওয়া গেলে আমাকে জানাবেন। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। সরকার পরিচালনার দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা,কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে পার পাওয়ার সুযোগ দেওয়া হবে না।

পরিদর্শনের পরবর্তী পর্যায়ে আগারগাঁও নতুন রাস্তা এবং শেরেবাংলা নগর থানার সামনের নগর বস্তি এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী। নগর বস্তি এলাকায় মাদককেন্দ্রিক অপরাধ এবং অ্যাম্বুলেন্স চলাচল ও ব্যবস্থাপনাকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগের বিষয়েও তিনি খোঁজখবর নেন। এসব সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সংশ্লিষ্ট বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি, শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com