1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

নাইজেরিয়ায় অপহৃত ১০০ স্কুলশিক্ষার্থী উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নাইজেরিয়ার কর্তৃপক্ষ গত মাসে উত্তরাঞ্চলের একটি ক্যাথলিক স্কুল থেকে অপহৃত শতাধিক শিশুর মধ্যে ১০০ জনকে উদ্ধার করেছে বলে সরকারি সূত্র ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

জাতিসংঘের এক নাম-প্রকাশে-অনিচ্ছুক সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, উদ্ধার হওয়া এসব শিশু রাজধানী আবুজায় পৌঁছেছে এবং সোমবার তাদের নাইজার অঙ্গরাজ্যের প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। সূত্রটি বলেছে, ‘তাদের আগামীকাল নাইজার স্টেট সরকারের হাতে তুলে দেওয়া হবে।’

নাইজেরিয়ার পত্রিকা ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, উদ্ধার হওয়া শিশুদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। ব্রিফিংয়ের পর তারা পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। প্রেসিডেন্টের মুখপাত্র সানডে ডেয়ারও এএফপিকে নিশ্চিত করেছেন যে ১০০ শিশু মুক্তি পাচ্ছে।

গত ২১ নভেম্বর নাইজার স্টেটের আগোয়ারা জেলার পাপিরি এলাকার সেন্ট মেরি স্কুল থেকে সশস্ত্র লোকজন ৩০৩ শিক্ষার্থী ও ১২ শিক্ষককে অপহরণ করে। নাইজেরিয়ার খ্রিস্টান সংগঠন সিএএন জানিয়েছে, অপহৃতদের মধ্যে ১০ থেকে ১৮ বছর বয়সী ছেলে ও মেয়ে—উভয় শিক্ষার্থীই ছিল।

অপহরণের কয়েক দিনের মধ্যে ৫০ শিক্ষার্থী পালিয়ে বাড়ি ফিরতে সক্ষম হয়। রোববার আরও ১০০ শিক্ষার্থী উদ্ধার হওয়ার পরও ১৫৩ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বন্দিত্বে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এর কয়েক দিন আগে পাশের কেব্বি স্টেটের মাগা শহরে সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে আরও ২৫ ছাত্রীকে অপহরণ করা হয়, যা আগোয়ারা এলাকার ঘটনাস্থল থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে।

কনটাগোরা ডায়োসিসের অধীন স্কুলটির পক্ষে মুখপাত্র ড্যানিয়েল আটোরি বলেন, ‘আমরা তাদের ফেরার অপেক্ষায় প্রার্থনা করছিলাম। যদি এটি সত্য হয়, তবে এটি অবশ্যই স্বস্তির খবর।’ তবে তিনি জানান, তারা এখনো ফেডারেল সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাননি।

সাম্প্রতিক অপহরণগুলোকে ২০১৪ সালে চিবক শহর থেকে ২৭০-এর বেশি ছাত্রী অপহরণের পর সবচেয়ে বড় ঘটনা হিসেবে দেখছেন স্থানীয়রা। ২০১৪ সালের পর থেকে বিভিন্ন ঘটনায় মোট ১,৪০০-র বেশি শিক্ষার্থী নাইজেরিয়ায় অপহৃত হয়েছে।

সাম্প্রতিক অপহরণের ঘটনা সামনে আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, নাইজেরিয়ার খ্রিস্টানরা ‘গণহত্যার’ মুখে পড়েছে। তবে দেশটির সরকারি কর্মকর্তা ও খ্রিস্টান গোষ্ঠীগুলো এ দাবির সঙ্গে একমত নন। তারা বলছেন, চলমান সহিংসতায় বিভিন্ন ধর্মের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কিমিয়েবি ইমোমোটিমি এবিয়েনফা গত মাসে আল জাজিরাকে বলেন, ‘আমরা স্বীকার করি দেশে সহিংসতা হয়েছে, কিন্তু এটি শুধু খ্রিস্টানদের বিরুদ্ধে নয়। মুসলিমদেরও হত্যা করা হয়েছে, ঐতিহ্যবাহী উপাসকরাও নিহত হয়েছেন। সংখ্যার বিচারে খ্রিস্টানরাই সংখ্যাগরিষ্ঠ ভুক্তভোগী নন।’

ট্রাম্প অভিযোগ করেছেন, নাইজেরিয়া খ্রিস্টানদের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং তিনি দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। একই সঙ্গে নাইজেরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা কমানোর কথাও বলেছেন।

দুই কোটির বেশি জনসংখ্যার নাইজেরিয়া ধর্মীয়ভাবে বিভক্ত—উত্তরে মুসলিমপ্রধান এলাকা, দক্ষিণে খ্রিস্টানদের সংখ্যা বেশি। পিউ রিসার্চ সেন্টারের হিসাব অনুযায়ী, দেশের ৫৬ শতাংশ মুসলিম এবং খ্রিস্টান প্রায় ৪৩ শতাংশ। উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা ১৫ বছর ধরে চলছে, যা মূলত মুসলিমপ্রধান এলাকাতেই সীমাবদ্ধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com