1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

বিএনপি-জেএসডি নেতাকর্মীদের হামলা-পাল্টা হামলা, গুলিবিদ্ধসহ আহত ১৩

  • আপডেট টাইম :: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনী জনসভায় যোগ দিতে আসার পথে দলটির নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির একাংশের বিরুদ্ধে। এতে জেএসডির দুই কর্মী গুলিবিদ্ধসহ মোট ১৩ জন আহত হয়েছেন। এসময় অন্তত ১৫টি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

এদিকে রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেলের নেতৃত্বে জেএসডির কর্মীরা বিএনপির একাংশের নেতাকর্মীদের ওপর পাল্টা হামলা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন এ অভিযোগ করেন।

অন্যদিকে বাধা মোকাবিলা করতে জেএসডির নেতাকর্মীরা লাঠিসোটা হাতে মিছিল নিয়ে জনসভায় অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার রামদয়াল বাজার, আজাদনগর ও রামগতি বাজারসহ কয়েকটি স্থানে পৃথকভাবে এসব হামলার ঘটনা ঘটে।

জেএসডি নেতারা জানান, বিকেল ৩টার দিকে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে জেএসডির নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। কিন্তু পথে বিভিন্ন স্থানে বাধা, হামলা ও ভাঙচুরের কারণে নেতাকর্মীরা দেরি করে সন্ধ্যায় সভাস্থলে পৌঁছান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির সহসভাপতি তানিয়া রব। পথে বাধা ও হামলায় দুইজন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হন।

রামগতি উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু বলেন, বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ বি এম আশরাফ উদ্দিন নিজানের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এতে মো. মান্নান ও আবদুল মান্নান গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হন। গুলিবিদ্ধ দুজনকে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যান্য আহতরা হলেন লোকমান হোসেন সম্রাট, মোরশেদ, আরাফাত, আপেল, সম্রাট, কালা, আলমগীর কসাই, ফয়সাল, ইবনে হাসান, বিদন ও তারেক। তাদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন বলেন, জেলা নেতৃবৃন্দের নির্দেশে আমরা নীরব ভূমিকা পালন করছিলাম। কিন্তু সাবেক উপজেলা চেয়ারম্যান এবং তানিয়া রবের সহযোগী শরাফ উদ্দিন আজাদ সোহেলের নেতৃত্বে চরের সন্ত্রাসীরা রামদয়াল বাজারে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের পাঁচজন আহত হয়। তারা দোকানঘরও ভাঙচুর করেছে। আমাদের কোনো নেতাকর্মী জেএসডির ওপর হামলা করেনি।

রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, জোটের হয়ে লক্ষ্মীপুর-৪ (কমলনগর ও রামগতি) আসনের সংসদ সদস্য প্রার্থী হতে চান জেএসডির সহসভাপতি তানিয়া রব। একই আসনে বিএনপি থেকে প্রার্থী হতে চান বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজান। তবে বিএনপি এখনো ওই আসনে প্রার্থী ঘোষণা করেনি। এ নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com