
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান ও বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। এ সময় দর্শকদের উত্তেজনা আর উপচেপড়া ভিড়ে খেলার মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ‘মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারোমাস; খেলার মাঠে মন দাও, মাদককে বিদায় দাও’ প্রতিপাদ্যে উপজেলার কালাকুমা আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে এই আয়োজন করা হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস।

সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হকের সার্বিক তত্ত্বাবধানে এ সময় নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ সোলায়মান, প্রেসক্লাব নালিতাবাড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি সামেদুল ইসলাম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির এবং স্থানীয় প্রশাসন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
নির্দিষ্ট সময়ের খেলায় কোনো গোল না হওয়ায় টাইব্রেকারে নালিতাবাড়ী ইউনিয়নকে ৪–৫ গোলে হারিয়ে জয় লাভ করে নয়াবিল ইউনিয়ন। খেলা শেষে পুরস্কার তুলে দেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এবং অন্যান্য অতিথিরা।