1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

ব্যস্ত সড়কে হঠাৎ ভিমরুলের আক্রমণ, নারীসহ আহত ৮

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরের একটি ব্যস্ততম সড়কে পথচারীদের ওপর আক্রমণ করেছে ভিমরুলের ঝাঁক। এতে কামড়ে অন্তত ৮ জন আহত হয়েছেন। এই পরিস্থিতিতে ব্যস্ততম সড়কটিতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল স্থবির হয়ে পড়ে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার বানিয়াজুরী-ঘিওর সড়কের বানিয়াজুরী ইউনিয়নে এই ঘটনা ঘটে। ভিমরুলের কামড়ে আহতদের মধ্যে ৮ জনের নাম জানা গেছে। তারা হলেন, পপি আক্তার, ব্যবসায়ী রশিদ, নূর ইসলাম, ঈন্দ্র মন্ডল, পথচারী রাজিয়া, সোহান, মামুন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় দিকে বানিয়াজুরী-ঘিওর সড়কের বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজের পার্শ্ববর্তী একটি গাছে থাকা ভীমরুলের বাসায় বাজ পাখি হামলা করে। এতে ভীমরুলের বাসা ছিন্নভিন্ন হয়ে ভীমরুল ছড়িয়ে পড়ে। হঠাৎ করেই একঝাঁক ভিমরুল আশপাশে থাকা পথচারীদের ওপর আক্রমণ চালায়। এতে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন এদিক সেদিক ছুটোছুটি শুরু করে। ভিমরুলের আতঙ্কে ওই সড়কে প্রায় দুই ঘণ্টা স্থবির হয়ে পড়ে যান চলাচল। অনেকেই বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যে পৌঁছান। আহতদের বেশিরভাগই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে গৃহবধু পপি আক্তারের মাথায় ২০/২২ টি হুল ফোটায় ভিমরুল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ বলেন, ‘হঠাৎ ভিমরুলের আক্রমণে মানুষ দিশেহারা হয়ে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই আশেপাশের পথচারীদের হুল ফোঁটায়।’

উপজেলার রাথুরা গ্রামের বাসিন্দা আহত পপি আক্তারের স্বামী মো. শাহিন বলেন, ‘আমার সন্তানকে স্কুলের টিফিন দিতে যাবার সময় হাইস্কুলের সামনে হঠাৎ করে রাস্তায় আমার স্ত্রীর ওপর ভিমরুল আক্রমণ করে। তাকে অনবরত কামড়াতে থাকে। অনেকেই বাঁচার জন্য পাশের পুকুরে ঝাঁপ দেয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, শরীরে অনেক জ্বর, ব্যথায় কাতরাচ্ছে।’

একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি মো. মামুন বলেন, অফিসের কাজে মোটরসাইকেল নিয়ে ঘিওর যাচ্ছিলাম। বানিয়াজুরী স্কুলের সামনে হঠাৎ ভিমরুল আক্রমণ করে। বেশ কয়েকটি হুল ফোটায়।

মন্নু মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, দুপুরের দিকে আমি ডিউটিতে থাকা পর্যন্ত দুজন হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। এরমধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এক নারী এখনও হাসপাতালে ভর্তি আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com