
আন্তর্জাতিক ডেস্ক : বন্ধুত্বপূর্ণ ১১ প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সামরিক বাহিনী এই প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে। তবে বিস্ময়করভাবে এই ১১ দেশের তালিকায় বাংলাদেশের নাম রাখা হয়নি। বুধবার (২৮ এপ্রিল) দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মেঘালয়ে ‘প্রগতি’ নামের বহুজাতিক এই সামরিক মহড়া হবে আগামী ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত। এই মহড়ায় অংশ নিচ্ছে- লাওস, মিয়ানমার, ভিয়েতনাম, সেশেলস, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া এবং ভুটান- এই ১১টি দেশ।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য (আইএসপিআর) বিভাগের অতিরিক্ত মহাপরিচালকের দপ্তর জানিয়েছে, এই মহলা আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরবে।
বার্তায় বলা হয়েছে, আসন্ন এ মহড়ার মূল কেন্দ্রবিন্দু হলো বিদ্রোহ দমন ও সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। এ দুই ইস্যু মোকাবিলায় যৌথ প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা কূটনীতির ওপর জোর দেওয়া হয়েছে।
সেনাবাহিনী সূত্র আরও জানিয়েছে, এটি প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পৃক্ততার একটি অংশ, যার মূল লক্ষ্য হলো সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ অভিযানের সামর্থ্য গড়ে তোলা।
অতীতে ভারত যেখানে একটি-দু’টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক সামরিক মহড়া করত, সেখানে একসঙ্গে ১১ দেশের সঙ্গে সামরিক মহড়ার আয়োজনে বোঝা যাচ্ছে যে ভারতের সামরিক বাহিনী এশিয়ার বিভিন্ন সামরিক শক্তির সঙ্গে কনসোর্টিয়াম- ধরনের সংযুক্তি চাইছে বলে ধারণা করছেন ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা।