1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাংবাদিকতায় অশনি সংকেত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

– মনিরুল ইসলাম মনির –
গতকাল আমার এক শুভাকাঙ্খী বলছিলেন, ভাই সাংবাদিক বেড়ে গেছে এবং যার ইচ্ছা সেই সাংবাদিক হয়ে যাচ্ছে। নইলে আপনারা সম্মান আরও বেশি পেতেন।

কথা যথার্থই বলেছেন। আগে নালিতাবাড়ীতে কাজ করতেন হীরা ভাই, সামেদুল মামাসহ ৭-৮ জন পরিচিত মুখ। এরপর ১৯৯৮ থেকে ২০০৩ এর মাঝে আমি, মান্নান সোহেল ভাই, এম সুরুজ্জামান ভাইসহ আরও ৫-৬ জন এ পেশায় আসেন। ততোদিন পর্যন্ত বেশ ভালো ছিল এ পেশার প্রায় সবদিক। এরপর ২০২৬ পর্যন্ত সময়ে অনেকে এসেছেন। আসতেই হবে। নইলে জেনারেশন গেব পড়বে। কোন একটা জেনারেশনে একটি এলাকায় গণমাধ্যর্মীদের সরব উপস্থিতি না থাকলে সবধরণের অন্যায়-অপরাধ বেড়ে যায়। রাজনীতি থেকে প্রশাসন, সবই যার যার অবস্থান থেকে সরে আসতে থাকে। তাই জেনারেশনের পর জেনারেশন জরুরী। কিন্তু লক্ষ্যণীয় ও প্রশ্ন হলো, পরবর্তী জেনারেশন কিভাবে আাসছে? কারা আসছে? কেন আসছে?

আমি সাংবাদিকতায় শখের বশবর্তী হয়ে এসে বাপের জমি ও নিজের ছোট ব্যবসা খুইয়েছি। ভুল করতে করতে মোটামুটি শিখে এ পেশায় স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠিত মিডিয়ায় সামান্য সম্মানী পেয়ে কাজ করছি। যোগ্যতায় এমএ এলএলবি করেছি। বহু প্রশিক্ষণ নিয়ে এখনো নিজেকে অনেক ক্ষেত্রে অদক্ষ মনে হয়।

নালিতাবাড়ী প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে। তার মানে অন্তত ১৯৯১ সাল থেকে নালিতাবাড়ীতে সাংবাদিকতার চর্চা শুরু হয়। তখন থেকেই আমার মতো অনেকে নিজের অর্থ বা নিজের পরিবারের অর্থ নষ্ট করে এ পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন, শুধুমাত্র শখের বসে। একসময় কেউ কেউ অন্যান্য পেশায় জড়ালেও আমার মতো দু-তিন জন সাংবাদিকতাকে মূল পেশা হিসেবে বেছে নিয়েছেন। যদিও আমার সৃজনাল ব্যবসা আছে এবং মোটামুটি সেসব দিক থেকে সামান্য প্রফিটও পাই। আমার কাছে এ পেশা এমন নেশার মতো হয়েছিল যে, ২০০৭ সালে একবার ঢাকায় ভালো একটি কাজের সুযোগ পেয়ে যোগ দেইনি। ২০১০ সালে একটি গ্রুপ অব কোম্পানীর জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দিয়েও সাংবাদিকতায় নেশার ঘোরে ৫ মাস পর ফিরে আসি। যার মূল্য এখন পদে পদে দিচ্ছি।

যাই হোক, মূলত মফস্বলে এ পেশা হলো সম্মানের, শখের। কিন্তু আজকাল অধিকাংশই আসেন ধান্দা করতে, ইনকাম করতে বা পিঠ বাঁচাতে। কেউ রাজনীতির দূূরাবস্থা দেখে পিঠ বাঁচাতে, কেউ নিজের আর্থিক দূরাবস্থা দেখে ইনকাম করতে, কেউবা আমাদের পজিশন দেখে লোভে পরে এ পেশায় আসছেন। তবে নতুনদের মাঝে হাতেগোনা দু-চারজন আছে শিক্ষিত এবং কিছুটা হলেও পেশাদারিত্ব যাদের আছে। দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক হিসেবে শখে বা দায়িত্ববোধ থেকে বর্তমানে এ পেশায় প্রবেশ প্রায় নেই বললেই চলে। যদি প্রবেশটা হতো শখ, সম্মান আর দায়িত্ববোধ নিয়ে, তবে অবশ্যই তার ক্ষেত্রে পেশাদার পরিচয় দেওয়া সহজ হয়, হবে। কিন্তু উদ্দেশ্য যখন ভিন্ন হয়, তখন তার দ্বারা অপেশাদার আচরণই বেশি প্রকাশ পায় এবং সমাজে অন্যায় আরও বেড়ে যায়, প্রশ্রয় পায় ও এ পেশার সম্মানহানী ঘটে। বলাই বাহুল্য, বর্তমানে এ পেশার চরম বারোটা দেশজুড়েই বেজে গেছে। বিশেষ করে, মোজো বা মোবাইল জার্নালিজম, ফেসবুক পেজ, অনলাইন, ইউটিউবভিত্তিক সাংবাদিকতার নামে ‘সাংঘাতিক’ আচরণ সাংবাদিকতা পেশাকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করেছে। প্রশ্নবিদ্ধ করেছে তথাকথিত কিছু অখ্যাত পত্রিকা বা তথাকথিত টেলিভিশন কর্তৃপক্ষও। শিক্ষাগত যোগ্যতা না দেখে, নৈতিকতা ও কাজের মান না যাচাই করে টাকার বিনিময়ে একটি আইডি কার্ড, বুম ইত্যাদি হাতে ধরিয়ে চাঁদাবাজি ও ধান্দা করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। হতাশার বিষয় হলো, প্রশাসন, অফিস, রজনৈতিক দল বা অন্যান্য কর্তৃপক্ষও কেন জানি এদের প্রশ্রয় দিচ্ছে। ফলে দিনকে দিন সাংবাদিকতার মতো মহান পেশা চরমভাবে বিতর্কিত হচ্ছে। এমতাবস্থায় এদের ভিরে ভালো সাংবাদিকতা হারিয়ে যাচ্ছে। এদের হাতে প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে সাংবাদিকতা। মানুষের ধারণা পাল্টে যাচ্ছে সাংবাদিকদের নিয়ে। সাংবাদিকতা ছেড়ে যেখানে-সেখানে কখনো পুলিশ, কখনো ছিনতাইকারী, কখনো চাঁদাবাজ, কখনো ডাকাত কখনো বা ঘুষখোর দুদক কর্মকর্তার ভূমিকায় অবতীর্ণ হচ্ছে তথাকথিত সাংবাদিকরা।

এখন লক্ষ্য দুটো হয়ে গেছে। কেউ দৌড়াচ্ছেন খবরের উদ্দেশ্যে, কেউ দৌড়াচ্ছেন খবরের নাম করে কোথা থেকে কতো অর্থ আদায় করা যাবে। সবমিলিয়ে দারুণভাবে উপভোগ্য এ পেশা এখন ত্যাজ্য করার সময় এসে গেছে। আমার যদি নতুন করে অন্য কোন পেশায় কাজ করে প্রতিষ্ঠিত হওয়ার সময় হাতে থাকতো, বিশ্বাস করেন লজ্জায় অন্তত ছেড়ে দিতাম।

উপায় একটাই। রাষ্ট্রীয়ভাবে সাংবাদিকতায় আসার নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা, ইন্টারভিউ ও ভ্যারিফিকেশন নিশ্চিত করা। যা ভালো ভালো মিডিয়া অনুসরণ করে থাকে। এ বিধিমালা সাংবাদিকতার সবক্ষেত্রে বাধ্যতামূলক করা হলে, ইচ্ছে হলেই কেউ এ পেশায় আসতে পারবে না। শিক্ষক হতে যোগ্যতা লাগে, ন্যুনতম দক্ষতা লাগে, ইন্টারভিউ লাগে, আইন পেশায় আসতে ও চিকিৎসক হতে নির্দিষ্ট যোগ্যতার পরও নির্দিষ্ট কর্তৃপক্ষের সনদ লাগে, প্রশাসনে আসতেও মেধা ও দক্ষতাসহ কতো কাঠখড় পোড়াতে হয়। সাংবাদিকতায় আসতে কি করতে হয়? দশম শ্রেণি পাশও লাগে না। কোন কর্তৃপক্ষের অনুমোদন লাগে না। ভ্যারিফিকেশন লাগে না। মানে এসব বাধ্যতামূলক নয়। অথচ, সাংবাদিকতা এসব পেশার কর্তাদের পর্যন্ত চ্যালেঞ্জ করে, সমাজের নিচু স্তর থেকে রাষ্ট্রের উপরের স্তর পর্যন্ত সব পর্যায়ে কাজ করে, চ্যালেঞ্জ করে। ভেবে দেখুন তো, একজন সাংবাদিকের কতটুকু যোগ্যতা-দক্ষতা ও ন্যায় হওয়া জরুরী? আপনি ননমেট্টিক হয়ে বা এইচএসসি পাশ হয়ে, নিজের পেশার ‘দক্ষতা-নিউজ সেন্স’ তো নেই-ই, অন্য কোন পেশা সম্পর্কে ন্যুনতম জ্ঞান না রেখে একজন যোগ্য ও দক্ষ ব্যক্তিকে চ্যালেঞ্জ করতে যাচ্ছেন- কতটুকু বেমানান? পেশায় একজন শ্রমিক পর্যায় থেকে উঠে আসা সাংবাদিক একজন উচ্চশিক্ষিত-দক্ষ বা সমাজের সম্মানিত বা প্রভাবশালী ও প্রতিষ্ঠিত ব্যক্তিকে চ্যালেঞ্জ করছে, এটা কতটুকু মানানসই? আপনি সত্য-মিথ্যা প্রমাণ বা যাচাই না করেই প্রাথমিক তথ্য বা অভিযোগের প্রেক্ষিতেই কাউকে মিডিয়া ট্রায়াল করে অপরাধী সাব্যস্ত করে দিলেন, সমাজে সম্মানহানী করে দিলেন, পরিবারের সামনে ছোট করে দিলেন। একবারও কি ভাবলেন, আপনার অপরাধ কতটুকু গুরুতর? আজ না হোক, কাল কিয়ামতের মাঠে আপনার শাস্তি কি হতে পারে, একবার ভেবেছেন? দুনিয়াতেই যে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে না, এ নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com