
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন, বাজার ব্যবস্থাপনায় অনিয়ম ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসব অভিযানে অবৈধভাবে উত্তোলিত প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ, দুজনকে কারাদণ্ড এবং বিভিন্ন অপরাধে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) জেলার মোহনগঞ্জ, নেত্রকোনা সদর ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
মোহনগঞ্জের টেংগাপাড়া স্লুইস গেইট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদেরের নেতৃত্বে অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিক্রির দায়ে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কিবরিয়া (৪০) ও সহিদ মিয়াকে (৩০) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। একই অপরাধে মোহনগঞ্জের মানিক মিয়াকে (৪৯) ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এদিকে নেত্রকোনা সদর উপজেলার বাসস্ট্যান্ড ও চল্লিশা এলাকায় বাজার মনিটরিংয়ের সময় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ লঙ্ঘনের দায়ে একটি মামলায় ১০ হাজার টাকা এবং এলপিজি সিলিন্ডারের মজুত গোডাউনে অনিয়ম পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই মামলায় মোট জরিমানা আদায় হয়েছে ২০ হাজার টাকা।
কলমাকান্দার কালিহালা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জব্দ বালু স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের জিম্মায় রাখা হয়েছে।
জেলা প্রশাসন বলছে, প্রাকৃতিক সম্পদের অবৈধ ব্যবহার বন্ধ, বাজারে পণ্যের সরবরাহ ও মূল্যব্যবস্থায় শৃঙ্খলা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় নিয়মিতভাবে এসব অভিযান পরিচালনা করা হবে।