
বাংলার কাগজ ডেস্ক : এবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং চুরির অভিনব এক ঘটনার কথা প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এলাকার নিরাপত্তা নিশ্চিতে নিজের নেওয়া একটি উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি নিজেই বিগত দিনে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ৪৮ ঘণ্টার মধ্যে সেই সিসি ক্যামেরাই চুরি হয়ে গেছে।
এলাকার নিরাপত্তা ও জনদুর্ভোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রশাসনের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না, সাধারণ মানুষকেও এখানে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। মোহাম্মদপুর এলাকায় সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চুরি–ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, সম্প্রতি আমার সহকর্মী নুর ইসলাম নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত ‘কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ সংক্রান্ত কমিটি গঠন করা হবে।