
রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার : আলমাছ মিয়া নামে এক কিশোর স্কুলছাত্রকে চোরের অপবাদ দিয়ে খামের সাথে বেঁধে অমানবিকভাবে পিটিয়ে পুলিশে দিয়েছে শেরপুর জজ আদালতের গাড়িচালক আব্দুল বাতেন। গতকাল বুধবার (২২ জুলাই) জেলার ঝিনাইগাতি উপজেলার হলদিগ্রাম গারোকোনা বাজারে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার আলমাছ পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামের কৃষক আইয়ুব আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আলমাছ ঠেলাগাড়ি করে হলদী গ্রাম বাজারে সবজি বিক্রি করতে যায়। এ সময় হলদি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শেরপুর জেলা জজ কোর্টের ম্যাজিস্ট্রেটের গাড়িচালক আব্দুল বাতেন ও তার লোকজন পূর্ব শত্রুতার জের ধরে আলমাছকে চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতন চালায়। একপর্যায়ে তাকে চুরির মামলায় ঝিনাইগাতি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম, ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে এ ঘটনা কেন্দ্র্র করে এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। স্কুলছাত্র আলমাছের পিতা আইয়ুব আলী ছেলেকে নির্যাতনের বিচার চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, বিচারকের গাড়িচালক হওয়ার সুবাদে আব্দুল বাতেন দীর্ঘদিন থেকে সরকারী বনভূমি দখল, মিথ্যা মামলায় জড়িয়ে এলাকার নিরীহ লোকজনকে হয়রানীসহ নানা অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে।
এ ব্যাপারে গাড়িচালক আব্দুল বাতেন জানায়, আমার ভাইয়ের দোকানে টাকা চুরি করায় এলাকার লোকজন আলমাছকে ধরে মারপিট করে থানা পুলিশে দিয়েছে।
ঝিনাইগাতির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, চুরির অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে।