
কিশোরগঞ্জ : শেখ হাসিনা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন হবে, বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, কিছু মিডিয়া ব্যক্তিত্ব আছে, তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি তাদের আপা আসবে। আপা কই আসবে? আপা তো হেলিকপ্টার নিয়ে চলে গেছে। বাংলাদেশে আর কোনো জায়গা নেই, আপা আসার। যেখানেই আপা নামবে সেখানেই আপার ফাঁসি বাস্তবায়ন করবে জনতা।
সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রেজিস্ট্রি অফিসসংলগ্ন সিএনজি স্ট্যান্ডে ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠন’ শীর্ষক জুলাই জাগরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “বাংলাদেশের হাজার জায়গায় ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আর বাংলাদেশে আমরা সবাই গরু পালি, গরুর দড়িগুলো অনেক লম্বা আছে, এই দড়িগুলো শেখ হাসিনার জন্য প্রস্তুত আছে। যেখানে শেখ হাসিনা নামবে সেখানেই সঙ্গে সঙ্গে তার ফাঁসি বাস্তবায়ন করা হবে। এক সেকেন্ডও দেরি করা হবে না।”
তিনি বলেন, “যেখানে আলেমরা থাকে, ওইখানে গজব কম আসে। কিন্তু তারেক রহমান, কিশোরগঞ্জবাসী যখন সকল গজব থেকে উদ্ধার হইছে, ফজু পাগলা নামে এক গজব কিশোরগঞ্জবাসীর ওপর চাপিয়ে দিছে। কিশোরগঞ্জের কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, আওয়ামী লীগ এখনও অবস্থান করছে, এই সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র হিসেবে কাজ করছে ফজলুর রহমান।”
এনসিপির এই নেতা আরও বলেন, “আমরা সরকারকে আহ্বান জানাবো, প্রিয় তারেক রহমান কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন। এই শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে এই সন্ত্রাসীর জ্বালায় কিশোরগঞ্জবাসী অতিষ্ঠ। কিশোরগঞ্জবাসীর মান-মর্যাদা চলে যাচ্ছে, উনারা তাকে রিজেক্ট করতে চায়। আপনি অন্য কাউকে দেন, তবে এই ফজু পাগলা থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন।”
অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।