
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে গভীর রাতে ঘর থেকে ডেকে বের করে ছুড়িকাঘাত করে একটি সমিতির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় প্রধান আসামী শহিদুল্লাহ মুরাদ ময়নাকে গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) গভীর রাতে তাকে গ্রেফতার করে নালিতাবাড়ী থানায় আনা হলে সোমবার বিকেলে শেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এছাড়াও এ মামলার অপরাপর আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার উত্তর কাপাসিয়া গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন শাপলা সঞ্চয় ও ঋণদান সমিতির সাধারণ সম্পাদক। তার সাথে একই এলাকার কয়েকজনের পূর্ব বিরোধ চলছিল। গত শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে প্রতিপক্ষ শহিদুল্লাহ মুরাদ ময়নাসহ কয়েকজন মিলে সাদ্দামকে ঘর থেকে ডেকে বাইরে আনে। তারপর ধরে রেখে ছুড়িকাঘাত করে ঘরে থাকা ৭ লাখ ৮০ হাজার টাকা ডাকাতি করে চলে যায়। একই সময়ে তারা ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে। এসময় সাদ্দাম ও তার স্ত্রীর চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে সাদ্দামকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওইদিন সাদ্দাম হোসেন সমিতির ঋণ আদায় বাবদ উত্তোলিত টাকা ঘরে এনেছে, এমন খবর আগে থেকেই রেখে পরিকল্পিত এ হামলা ও ডাকাতির ঘটনা ঘটায় বলে জানা গেছে।