
ঝিনাইগাতী, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বন্যাদুর্গত ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সহায়তা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য ৪৩ কেজি ওজনের ফ্যামিলি ফুড প্যাকেট দেওয়া হয়। এতে ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেলসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল। প্রতিটি প্যাকেটের আনুমানিক মূল্য প্রায় ৭ হাজার টাকা।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীর তত্ত্বাবধানে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা আহ্বায়ক ইব্রাহিম খলিলের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
কহিনুর আলম চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই এই উদ্যোগ। ভবিষ্যতেও দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার কার্যক্রম অব্যাহত থাকবে।
ইব্রাহিম খলিল বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই উদ্যোগ প্রশংসনীয়। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোকে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বন্যার কারণে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় পরিবার চালানো কঠিন হয়ে পড়েছিল। এ সহায়তা তাদের সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।