
ঢাকা : রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি বোমাসদৃশ পরিত্যক্ত বস্তু পাওয়া যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি জানার পরপরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং বিষয়টি তদন্ত শুরু করে।
শনিবার (১ আগস্ট) ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন জানান, স্টেশনের নিচে সন্দেহজনক একটি বস্তু পাওয়া গেছে। সেটি বিস্ফোরক কি না, তা নিশ্চিত হতে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
পুলিশ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। একই সঙ্গে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল টিমকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।
এদিকে, মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার বলেন, এমআরটি পুলিশের তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে ট্রেনের যাত্রী ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিশেষজ্ঞ দল পরীক্ষা শেষে বস্তুটির প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
অন্যদিকে, তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৈশৈনু মারমা জানান, একটি পরিত্যক্ত বস্তা সন্দেহজনক অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বস্তার ভেতরে কী রয়েছে তা নিশ্চিত না হওয়ায় বোমা বিশেষজ্ঞ দলের সহায়তা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচেও একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছিল। পরে বোম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় একজন পথচারী আহত হওয়ার খবর পাওয়া যায়।