
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুর সদর উপজেলায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানায়, কর্মসূচির আওতায় কুম্ভি, বহেরা, রুদ্রপলাশ, জারুল, জাকারান্ডা, কৃষ্ণচূড়াসহ প্রায় ১০০ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ-সুন্দর শেরপুর গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম চলবে।