
নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলার ২৮টি ব্লকে একযোগে আলোক ফাঁদ (Light Trap) স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে কৃষি বিভাগের উদ্যোগে ফসলের ক্ষতিকর পোকা দমন ও কৃষকদের কীটনাশক নির্ভরতা কমাতে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, আলোক ফাঁদ ব্যবহারের ফলে ক্ষতিকর পোকা শনাক্তকরণ, দমন এবং ফসলের উৎপাদন খরচ কমানোর সুযোগ তৈরি হয়। পাশাপাশি জমিতে থাকা উপকারী ও ক্ষতিকর পোকার উপস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।
কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের আলোক ফাঁদের সঠিক ব্যবহার ও কার্যকারিতা সম্পর্কে সচেতন করার উদ্যোগও নেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, আলোক ফাঁদ ফসলের ক্ষতিকর পোকা দমনের একটি কার্যকর, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পদ্ধতি। রাতের বেলা আলোর প্রতি আকৃষ্ট হওয়া বিভিন্ন ক্ষতিকর পোকা আলোক ফাঁদের মাধ্যমে শনাক্ত ও দমন করা সম্ভব।
তিনি জানান, উপজেলার ২৮টি ব্লকেই একযোগে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে মাঠ পর্যায়ে ক্ষতিকর পোকার উপস্থিতি পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী দমন ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে। একই সঙ্গে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ ও কৃষকের স্বাস্থ্য সুরক্ষায়ও এটি ভূমিকা রাখবে।