
শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে গুদামে সারের প্রকৃত মজুদের সঙ্গে বিক্রির রেজিস্টারে উল্লেখিত মজুদের গড়মিল পাওয়ায় বিসিআইসি অনুমোদিত সার ডিলার দেলোয়ার হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার লঙ্গরপাড়া বাজারে বিসিআইসি অনুমোদিত সার ডিলার প্রতিষ্ঠান দিশা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।
অভিযানকালে দিশা এন্টারপ্রাইজের গুদামে মজুত করা সারের পরিমাণ সরেজমিনে যাচাই করা হয়। এ সময় বিক্রির রেজিস্টারে উল্লেখিত মজুদের তথ্যের সঙ্গে গুদামে থাকা সারের প্রকৃত মজুদের গড়মিল পাওয়া যায়।
পরে এ অনিয়মের দায়ে দিশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ ও ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য মেজবাউল হক বাবু, আব্দুল্লাহ আল মামুন দুলালসহ উপজেলা কৃষি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।