
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্কাউটস, শেরপুর জেলার রোভারের উদ্যোগে স্কাউটিং বিষয়ক ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শেরপুরের তুলশীমালা ট্রেনিং কাম কনফারেন্স হলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও ৪৪৮তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের কোর্স লিডার প্রফেসর শাহ মোহাম্মদ জিয়াউল হক।
অনুষ্ঠানে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি সমাজসেবায় উদ্বুদ্ধ করতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শেরপুরের নান্দনিক সেলফি কর্নার ‘আমাদের শেরপুর’-এর পাশে মনোরম প্রাকৃতিক পরিবেশে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা স্কাউটিং বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান।