
বাংলার কাগজ ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে রওনা হয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে সরকারপ্রধানের গাড়িবহর সড়ক পথে যাত্রা করে। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফেনী যাচ্ছেন। গুলশানের বাসা থেকে রওনা হয়ে রাজধানী অতিক্রম করছে প্রধানমন্ত্রীর গাড়িবহর। ফেনীতে দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
তারেক রহমানের নানা এস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে।
সরকারপ্রধানের মা, প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১ আসনে ভোট করতেন। তিনি ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সেখানে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ কারণে স্থানীয় নেতাকর্মীদের মুখে এখনো ফেরে, ‘নেত্রী মোদের খালেদা, গর্ব মোদের আলাদা’।
প্রধানমন্ত্রীর কর্মসূচি:
বেলা সাড়ে ১২টায় পশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্পের উদ্বোধন, দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন,দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবারহ কার্যক্রমের উদ্বোধন এবং বিকাল সাড়ে তিনটায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যক্তিদের সন্মানি প্রদান অনুষ্ঠানে যোগদান।
এদিন দুপুরে ফুলগাজী ডাক বাংলোতে জোহরের নামাজ আদায় ও মধ্যহ্নভোজ করবেন প্রধানমন্ত্রী।
এর আগে, গত ২৫ জানুয়ারি সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে ফেনীর পাইলট স্কুল মাঠে এক নির্বাচনি জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন প্রধানমন্ত্রী।