
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচিতে যুক্ত হন সংশ্লিষ্টরা।
ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। দেশের বিভিন্ন উপজেলার মতো নকলার উপজেলা পরিষদ হলরুম থেকেও এ অনুষ্ঠানে অংশ নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।
পরে কৃষক কার্ডের আওতাভুক্ত কৃষকদের মধ্যে কৃষি উপকরণ ও বিভিন্ন ধরনের সরকারি সহায়তা প্রদান করা হয়।