
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসার সময় ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে এনায়েতনগর ইউনিয়নের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জাকির হোসেন বরিশালের বানারীপাড়া থানার গাবা গ্রামের কাদের হাওলাদারের ছেলে। তিনি পরিবার নিয়ে এনায়েতনগর ইউনিয়নের ওই আবাসিক এলাকায় এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ও শিশুটির পরিবার একই বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। রোববার রাত ৮টার দিকে শিশুটিকে একা পেয়ে ওই ব্যক্তি ধর্ষণ করেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকির হোসেন নিজেকে রক্ষার জন্য ঘরের ভেতর থেকে দরজা-তালা লাগিয়ে দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পুলিশ সদস্যরা উত্তেজিত জনতাকে শান্ত করে অভিযুক্তকে ঘর থেকে বের করে থানায় নেয়ার চেষ্টা করেন।
পুলিশের ভাষ্যনুযায়ী, অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় পেছন থেকে উত্তেজিত জনতার মধ্য থেকে ইটের টুকরো ছোড়া হয়। এসময় ইটের আঘাতে ওসি মাহাবুব আলমের মাথা ফেটে যায়। পরে পুলিশ সদস্যরা তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যান।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ধর্ষণের অভিযোগে জাকির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।