
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে কাঠ কেনার কথা বলে ডেকে নিয়ে এক ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল, আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।
অন্যদিকে কাঠ ব্যবসার লেনদেনে জান্নাতুল নাঈমের কাছে ১৫ লাখ টাকা পাওনা আদায়ের চেষ্টা করলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকী ও ১০ লাখ টাকা চাঁদা দাবীর পাল্টা অভিযোগে একই আদালতে মামলা দায়ের করেছেন যুবদলের ওই নেতা মিজানুর রহমান। একই সাথে জান্নাতুল নাঈমের বিরুদ্ধে জাপানপ্রবাসী হিন্দু এক নারীর সঙ্গে অন্ত সরকার দ্রুব নামে ছদ্ম পরিচয়ে প্রেম ও প্রতারণা করে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেন তিনি।
পাল্টাপাল্টি মামলা সূত্রে জানা যায়, জান্নাতুল নাঈম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাচাশী গ্রামের নূরুল হকের ছেলে। তিনি বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কাঠ কিনে ব্যবসা করেন। গত ২২ সেপ্টেম্বর নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারের কালেমা চত্বরে অবস্থানকালে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিজান তাঁকে ফোন করে আকাশমণি কাঠের সন্ধান দেন। পরে বিকেল ৪টার দিকে কাঠ কেনার উদ্দেশ্যে সেখানে গেলে মিজানসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন তাঁকে একটি কফি হাউজে নিয়ে যান।
এজাহারে অভিযোগ করা হয়, সেখানে কফি পান করানোর পর কাঠ দেখানোর কথা বলে তাঁকে কেরেঙ্গাপাড়া গ্রামের একটি বাড়িতে নিয়ে আটকে রেখে তাঁকে মারধর করা হয়। এসময় সঙ্গে থাকা মোটরসাইকেল, কাগজপত্র, একটি আইফোন ১৬ প্রো-ম্যাক্স, ডেবিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং কাঠ কেনার জন্য সাথে থাকা ২ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে নেয়। পরে এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর সিআর আমলি আদালতে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন জান্নাতুল নাঈম।
অন্যদিকে, একই আদালতে ৬ অক্টোবর জান্নাতুল নাইমকে অভিযুক্ত করে কাঠ ব্যবসায়িক লেনদেনের ১৫ লাখ টাকা বকেয়া পাওনা চাইতে গেলে ব্যবসা বন্ধের হুমকীসহ ১০ লাখ টাকা চাঁদা দাবী ও প্রাণ নাশের হুমকীর অভিযোগ এনে পাল্টা মামলা দায়ের করেন যুবদল নেতা মিজানুর রহমান।
এ বিষয়ে যুবদল নেতা মিজানুর রহমান মিজান জান্নাতুল নাঈমের অভিযোগকে মিথ্যা দাবি করে বলেন, জান্নাতুল নাঈম ‘অন্ত সরকার দ্রুব’ নামে ছদ্ম পরিচয়ে নোয়াখালীর এক জাপানপ্রবাসী হিন্দু নারীর সঙ্গে প্রতারণা করে ১৮ লাখ টাকা নিয়েছেন। এআই দিয়ে মায়ের ছবিতে সিঁদুর পরিয়ে তা ওই নারীর কাছে পাঠিয়ে নিজেকে হিন্দু বানিয়ে প্রেম করেছেন। বিষয়টি টের পেয়ে প্রবাসী ওই নারী নালিতাবাড়ীর ঠিকানা দিয়ে নাঈমের দাবীকৃত আরও পাঁচ লাখ টাকা দেওয়ার কথা বলে নাঈমকে এখানে আসতে বলেছেন। নাঈম এখানে এলে তাঁকে নিয়ে শালিশি বৈঠক বসলে সে নিজের প্রতারণার কথা স্বীকার করে ও সাথে থাকা মোটরসাইকেল এবং আইফোন রেখে বাকি টাকা পরিশোধের বিষয়ে আপস-মীমাংসা হয়।
তিনি আরও বলেন, জান্নাতুল নাঈম মুসলিম হলেও নিজেকে হিন্দু ধর্মাবলম্বী হিসেবে পরিচয় দিয়ে থাকে। জান্নাতুল নাঈম মাদকের সঙ্গে সম্পৃক্ত বলেও জানান তিনি।
তিনি জানান, এ বিষয়ে আইনী প্রতিকার চেয়ে নাঈমের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান জানান, ঘটনাস্থল অনুযায়ী মামলাটি নোয়াখালির ফেনী, ময়মনসিংহের ঈশ^রগঞ্জ অথবা জাপানে করতে হয়। তাই আমরা বাদীকে সে অনুযায়ী পরামর্শ দিয়েছি।