
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
এ সময় তিনি পূজামণ্ডপের আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। মঙ্গলবার (২০ অক্টোবর) এসব পূজামণ্ডপ পরিদর্শনে যান ফাহিম চৌধুরী।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী সেনওয়া চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, এম. এ রায়হান,শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ভিপি, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, “উৎসব কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদ্যাপিত হোক—এটাই প্রত্যাশা।”
তিনি আরও বলেন, সম্প্রীতির বন্ধন অটুট থাকুক এবং প্রতিটি উৎসব সবার আনন্দের উপলক্ষ হয়ে উঠুক। এ সময় তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।