
শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে গুলজার হোসেন বাবু (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে কর্ণঝোড়া বাজার এলাকা থেকে এসআই সাইফুলের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
গুলজার হোসেন বাবু বাবেলাকোনা কুমারগাতি এলাকার তহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
গত ১৮ অক্টোবর ভোরে কুমারগাতি এলাকা থেকে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সাত বস্তায় থাকা ৯২ বোতল ভারতীয় আমদানিনিষিদ্ধ মদ উদ্ধার করেন। এ ঘটনায় নায়েক ফুল মিয়ার করা মামলায় বাবু এজাহারভুক্ত প্রধান আসামি।
তবে বাবু দাবি করেছেন, মদ উদ্ধারের ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। তাঁকে ফাঁসাতে বিজিবি ক্যাম্পের সদস্যরা পরিকল্পিতভাবে মাদক মামলায় আসামি করেছেন বলে অভিযোগ করেন তিনি।
শ্রীবরদী থানার এসআই মো. সাইফুল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাবু বিজিবির দায়ের করা মাদক মামলার এজাহারভুক্ত আসামি।