
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশাচালকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনায় সোহান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার মানিকচাঁদ পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোহান ওই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই বিকেলে কয়ড়াকুড়ি গ্রামের অটোরিকশাচালক খলিলুর রহমান পরিবারের সদস্যদের নিয়ে ভটপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে বাড়ি ফিরে তিনি ঘরের প্লাস্টিকের ওয়্যারড্রোবে রাখা এক জোড়া স্বর্ণের কানের দুল ও নগদ ২০ হাজার টাকা খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন।
ঘটনাটি জানাজানি হলে একপর্যায়ে সোহান প্রকাশ্যে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তবে পরে সে একেক সময় একেক ব্যক্তির নাম বলায় ঘটনা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। একপর্যায়ে খলিলুর রহমানের প্রতিবেশী স্যানিটারি ও বৈদ্যুতিক মিস্ত্রি মুক্তারের নামও বলে সোহান।
স্থানীয় সূত্রের অভিযোগ, এ ঘটনাকে কেন্দ্র করে একটি চক্র মুক্তারকে দায়ী করে চাপ প্রয়োগ করতে থাকে। ভুক্তভোগীকে প্রতিকার পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে বিভিন্ন সুবিধা নেওয়া এবং ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে কমিশনে চুক্তির অভিযোগও উঠেছে। এতে প্রকৃত চোর শনাক্তের বিষয়টি জটিল হয়ে পড়ে।
জানা গেছে, সোহান একসময় মুক্তারের সহযোগী হিসেবে কাজ করত। লেনদেন নিয়ে তাঁদের মধ্যে বিরোধ থাকায় মুক্তারকে ফাঁসাতে সোহান চুরির ঘটনায় তাঁর নাম জড়িয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।
নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে জড়ানো হয়ে থাকলে তাঁকে হয়রানি করা হবে না।