
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শেরপুর পৌরসভার উদ্যোগে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হচ্ছে।
‘পরিচ্ছন্ন পৌরসভা গড়ি, ডেঙ্গুমুক্ত পরিবেশ নিশ্চিত করি’ স্লোগানে পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৪ অক্টোবর) পৌর শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ উদ্দিনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
কমসূচির মাধ্যমে পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ দূর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পৌরসভার উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির লক্ষ্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পৌর পরিবেশ গড়ে তোলা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা।