
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: জাতীয় ছাত্রশক্তির শেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির সাবেক নেতাকর্মীরা। রোববার (২৫ অক্টোবর) শেরপুর শহরে এ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, সাবেক কমিটির একাধিক নেতাকর্মীকে পদবঞ্চিত করে অছাত্র, শ্রমিক, পেশাজীবী ও কথিত ভুয়া নামের ব্যক্তিদের সমন্বয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কারণে কমিটি বাতিলের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।
এ দাবির পক্ষে রয়েছেন জাতীয় ছাত্রশক্তির শেরপুর জেলা শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব ও সাবেক সংগঠক-সমন্বয়ক সাজ্জাদ হোসাইন আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব জাকির হোসেন, সাবেক সংগঠক ও সমন্বয়ক আরাফাত রহমান তালুকদার, জাতীয় ছাত্রশক্তির শেরপুর জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ শাকিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর সদর উপজেলা শাখার সাবেক মুখপাত্র মাজহারুল ইসলাম বিজয়।
বিক্ষোভকারীদের দাবি, ছাত্রসংগঠনের নেতৃত্বে প্রকৃত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিল করে সাংগঠনিক যোগ্যতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে নতুন কমিটি গঠন করতে হবে।
তাদের মতে, একটি ছাত্রসংগঠনের নেতৃত্ব নির্বাচনে প্রকৃত শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সাবেক নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা জরুরি। এ জন্য নতুন আহ্বায়ক কমিটি বাতিল করে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠনের দাবি জানান তারা।