
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সড়ক পরিবহন আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং সড়কে পারস্পরিক সচেতনতা ও সহনশীলতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তারা।
বক্তারা সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ সড়ক গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।