
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডিতে লগি-বইঠা দিয়ে হামলা ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আরিফ রাব্বানী। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া ভিপি।
প্রধান অতিথির বক্তব্যে মো. গোলাম কিবরিয়া ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তিনি এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তব্যে তিনি বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। সার ডিলার নিয়োগসহ বিভিন্ন বিষয়ে অনিয়মের সমালোচনা করে তিনি প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন শেরপুর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং নালিতাবাড়ী পৌরসভায় দলটির মেয়র প্রার্থী শাহাদাৎ হোসেন বিএসসি, পৌর জামায়াতের সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী সাংবাদিক আব্দুল মোমেন, পৌর জামায়াতের আমির আলহাজ্ব হেলাল উদ্দিন, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী, উপজেলা শ্রমিক নেতা আবুসিনা মোহাম্মদ জুবায়ের, উলামা বিভাগের সেক্রেটারি অধ্যাপক মোস্তাক আহমেদ, নয়াবিল ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. জয়নাল আবেদীন, সাবেক ছাত্রনেতা মাওলানা মো. সাইফুল্লাহ, উপজেলা ছাত্রশিবিরের নেতা আলামিন ও জামায়াত নেতা দুলাল আহমেদ প্রমুখ।